নারায়ণগঞ্জের আলোচিত সাবেক জাতীয় সংসদ সদস্য শামীম ওসমানকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক গণমাধ্যমে তাঁর ছবিযুক্ত একটি ভুয়া ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা গেছে। ফটোকার্ডটিতে একটি টেলিভিশন চ্যানেলের ডিজাইনের আদল ব্যবহার করে শিরোনামে লেখা হয়েছে, 'না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান'।
তথ্য যাচাই: অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, উক্ত টেলিভিশন চ্যানেল এই ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ওই চ্যানেলের ডিজাইনের অনুকরণে নকল ফটোকার্ড তৈরি করে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।
অনুসন্ধানের অংশ হিসেবে প্রথমে ফটোকার্ডটি খুঁটিয়ে পর্যালোচনা করা হয়। এতে একটি মূলধারার সংবাদমাধ্যমের উল্লেখ পাওয়া যায়। সেই সূত্র ধরে ওই সংবাদমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল বিশদভাবে পরীক্ষা করা হয়। কোথাও এই দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও ফটোকার্ডটির নকশা বিশ্লেষণে দেখা গেছে, ওই সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত মূল ফটোকার্ডগুলোর সঙ্গে আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্ট ও ডিজাইনে সুস্পষ্ট পার্থক্য রয়েছে।
একই সঙ্গে অন্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্র থেকেও এই দাবি সমর্থনকারী কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। অতএব শামীম ওসমানের মৃত্যুর দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
প্রতিবেদক আজকের খবর /
