দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সময় দেশের আরও ৫৩টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
এ ছাড়া খাল ও জলাধার পুনঃখননের ফলে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। এতে খরা, বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
