দেশের বাজারে টানা তিন দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই তিন দফায় মোট ৮ হাজার ১৬৫ টাকা কমেছে প্রতি ভরি স্বর্ণের দাম।
সবশেষ শনিবার (১৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৩ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বেড়েছে এবং ১৭ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ২৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
