চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে দামপাড়া বিশ্ব মসজিদ গেইট থেকে কাজির দেউড়ী মোড় পর্যন্ত সম্পন্ন হওয়া সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কে বাস্তবায়িত সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর মেয়র প্রকল্প এলাকা হেঁটে পরিদর্শন করেন এবং সড়কের মাঝখানের আইল্যান্ডে লাগানো বাহারি ফুল ও শোভাবর্ধক গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে নাগরিকদের জন্য আরও সুশৃঙ্খল ও মনোরম পরিবেশ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, নগর উন্নয়নকে টেকসই করতে নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। সবাই যদি সচেতনভাবে নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় এগিয়ে আসে, তবে চট্টগ্রাম আরও আকর্ষণীয় ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।
প্রকল্পের আওতায় দামপাড়া বিশ্ব মসজিদ গেইট থেকে কাজির দেউড়ী মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফুল ও শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি ফুটপাথ সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পুরো এলাকায় নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
