লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মঘাতী হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নাছির আহমদ (৫৫)। সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের বাঞ্চানগর এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় থাকা ছেলে কলেজছাত্র ইমরান আহমেদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন নাছির। পরে তিনি অস্বাভাবিক আচরণ করে বাসা থেকে বের হলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে সহায়তা করতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করেন। এ সময় আরেক ব্যক্তি নাছির তাদের রক্ষা করতে গেলে তাকেও আঘাত করা হয়।
পরে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি ভবনের ছাদ থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে ইমরান ও স্বপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত ওই কনস্টেবল সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ঘটনার আগে রাতে ছেলের কাছ থেকে ওষুধও গ্রহণ করেন। সকালে হঠাৎ করেই তিনি সহিংস হয়ে ওঠেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরুপ পাল জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়, যার মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
