কুমিল্লা নগরীর উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ নবাগত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নগরীর চলমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেছেন।
সোমবার নগরীর টমছমব্রিজ থেকে ইপিজেড সড়ক হয়ে উপজেলা পর্যন্ত চলমান সড়ক নির্মাণকাজ,পরিদর্শনকালে তিনি নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পান। এ সময় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক।
ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অনিয়মের বিষয়টি তদন্ত করে তা সংশোধন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, অনিয়মের বিষয়টি সংশোধনের পর যথাযথ মান বজায় রেখে পুনরায় কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে।
পরিদর্শনকালে তিনি বলেন, নগরীর উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। জনগণের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
