মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে অধিভুক্ত সব কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আঞ্চলিক কেন্দ্রগুলোকে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ করা হবে।
নির্দেশনায় বলা হয়, রাত সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হবেন। পরে উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
এ ছাড়া ভোরে গাজীপুরের মূল ক্যাম্পাস, নগর কার্যালয় ও সব আঞ্চলিক কেন্দ্রে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হবে। আঞ্চলিক পর্যায়ে পরিচালকদের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারে অভিন্ন ব্যানারে পুষ্পস্তবক অর্পণের কথাও উল্লেখ রয়েছে।
সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দিবসটির তাৎপর্য বজায় রেখে মর্যাদাপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মাতৃভাষার প্রতি সম্মান জানাতে সংশ্লিষ্ট সবাইকে কালো ব্যাজ পরার আহ্বান জানানো হয়েছে।
