যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আরটেমিস নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি জিটুজি-০২-এর আওতায় এই গম আনা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম অব্যাহত রয়েছে।
জিটুজি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর তৃতীয় চালান হিসেবে এই ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গমবাহী জাহাজ বর্তমানে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষ হলে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে জিটুজি-০১ চুক্তির অধীনে আগেই মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
