কুমিল্লার টমছমব্রীজ এলাকায় জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদ্রাসার কয়েকজন মুহাদ্দিস ও উস্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ফল ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, মঙ্গলবার রাত বাদ ইশা মুফতী আবুল হাসান (জাদীদ), মুফতী আবুল হাসান রাজাপুরী এবং ক্বারী ইদ্রিস সাহেব ফল কিনতে গেলে দোকানদারের সঙ্গে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় দোকানদার ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার ছাত্র ও স্থানীয় মুসল্লীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে সিনিয়র আলেমদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনার পর কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠন ও হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দ কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
এদিকে, দ্রুত ব্যবস্থা না নিলে প্রশাসনকে দায়ভার নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কোতয়ালী থানার ওসি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গও বিষয়টি সমাধানে তৎপরতা দেখাচ্ছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
