কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দেবিদ্বার নিউমার্কেট সড়ক ও ফুলগাছ তলা সড়কে সৃষ্টি হওয়া অসংখ্য গর্ত এখন যেন ছোট ছোট খালে পরিণত হয়েছে। স্থানীয়রা ব্যঙ্গ করে এসব সড়ককে “সদরঘাট” বলেও অভিহিত করছেন।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে যায়, ফলে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মোটরসাইকেল ও রিকশা চালকদের জন্য এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের এমন করুণ অবস্থার কারণে যানজট, সময় নষ্ট এবং ভোগান্তি বেড়েই চলেছে। অনেকেই দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। দ্রুত সড়ক মেরামত না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
