ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ ব্যর্থ হলেও দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
তিনি আরও জানান, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদল তাদের অবস্থান দৃঢ়ভাবে উপস্থাপন করেছে এবং এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান। বিশেষভাবে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর ভূমিকার প্রশংসা করেন তিনি।
গত ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি। যুদ্ধ-পরবর্তী উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের কারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি।
বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য কূটনৈতিক চাপ বজায় রেখে ভবিষ্যৎ আলোচনার পথ খোলা রাখার একটি কৌশলগত অবস্থান নির্দেশ করে।
