দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী ২৫ এপ্রিল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য বিস্তারিত করণীয় ও কড়াকড়ি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজগুলোতেই পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে।
নির্দেশনায় কেন্দ্র সচিবদের ভর্তির ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের তালিকা ডাউনলোড করার কথা বলা হয়েছে। গ্রুপভিত্তিক আসন বিন্যাস নিশ্চিত করতে হবে এবং পরীক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।
প্রতিটি কক্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—এই তিন বিভাগের শিক্ষার্থীদের আসন সংখ্যা ১০-এর গুণিতক হতে হবে। পর্যাপ্ত জায়গা না থাকলে নিকটবর্তী অন্য শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে আসন বিন্যাস প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।
প্রক্সি প্রতিরোধে হাজিরাপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখ মিলিয়ে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দেওয়া হবে এবং ওএমআর শিটে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না তা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। কোনো পরীক্ষার্থী ওএমআর শিটে সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লিখলে তার খাতা বাতিল করা হবে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কাউকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে একই দিন রাত ৮টার মধ্যে উত্তরপত্র সিলগালা করে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
প্রতিটি পরীক্ষার্থীর জন্য ১২৫ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে, যা পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
