আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, কোথাও কোনো সংকট নেই এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-এ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে অস্থিরতা ঠেকাতে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে এবং এ ব্যবস্থার ফলে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, রাজধানী ঢাকা-র গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে নিম্নআয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম জেলা পর্যায়েও সম্প্রসারণ করা হবে।
রমজানে পণ্যের অতিরিক্ত চাহিদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, সব ধরনের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে এবং নিরাপদ টাঙ্গাইল গড়ার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তারা। এর আগে টাঙ্গাইলে পৌঁছালে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
