দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক একে এম শাহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, গত দেড় বছরে জুলাই-আগস্ট পরবর্তী সময়ে দেশে একটি ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছিল। সে সময় গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করা হবে।
তিনি দাবি করেন, সবার সহযোগিতায় জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধাপে ধাপে আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আনা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রহমান বলেন, “কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে আমরা সর্বদা সতর্ক ও সজাগ আছি। দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ মানুষের ওপর জুলুম বা জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে—এটি নিশ্চিত করাই র্যাবের লক্ষ্য। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
