রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সারাদেশে সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন এবং রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সিএনজি স্টেশন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত—অর্থাৎ তিন ঘণ্টা বন্ধ থাকত। এখন তা বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হলো।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারাদেশে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
তবে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদের পর ২৬ মার্চ থেকে আবারও আগের নিয়মে ফিরে যাবে সময়সূচি। তখন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
