নিজ নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, এলাকায় যেকোনো ধরনের অনিয়ম দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
স্ট্যাটাসে তিনি লেখেন, “ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।”
অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে—০১৭৩০০০৪৮৪৪। একই সঙ্গে সবাইকে সচেতন হওয়ার এবং অন্যদের সচেতন করার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, ঘোষণার কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবার সংসদ সদস্য হন আবদুল আউয়াল মিন্টু। পরে তিনি মন্ত্রিসভায় স্থান পান, ফলে দীর্ঘদিন পর ফেনী জেলা মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার এই উদ্যোগ জেলার রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে।
