ভারতের বাজেট এয়ারলাইন SpiceJet–এর ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে NDTV ও Press Trust of India (পিটিআই)।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছে বিমান সংস্থাটি। এখন কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী ফ্লাইটগুলোকে বাংলাদেশের আকাশপথ এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটিকে দীর্ঘদিন ধরে তাগাদা দেওয়া হলেও বকেয়া পরিশোধ না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24–এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করছে।
এ বিষয়ে স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া এবং বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এদিকে খবরটি প্রকাশ্যে আসার পর শেয়ারবাজারে স্পাইসজেটের শেয়ারের দামে পতন লক্ষ্য করা গেছে।
